ব্রণের চিকিৎসায় টুথপেস্টের ব্যবহার, যা বলছেন বিশেষজ্ঞরা

২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মুখের ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ি দ্রুত শুকাতে অনেকেই টুথপেস্ট ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে প্রচলিত এই ধারণা অনুযায়ী, টুথপেস্টের কিছু উপাদান ব্রণ শুকিয়ে ছোট করতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সাময়িকভাবে ব্রণ শুকিয়ে গেলেও টুথপেস্ট ত্বকের প্রদাহ বাড়াতে পারে। এমনকি এর ফলে ত্বকে দাগ ও রঙের পরিবর্তনও দেখা দিতে পারে।

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. রোজালিন্ড সিম্পসনের মতে, ত্বকের সিবাসিয়াস গ্রন্থি বন্ধ হয়ে প্রদাহ তৈরি হলে ব্রণ দেখা দিতে পারে। ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, অতিরিক্ত সিবাম বা তৈলাক্ত পদার্থ উৎপন্ন হওয়া এবং ত্বকে স্বাভাবিকভাবে বসবাসকারী Cutibacterium acnes ব্যাকটেরিয়ার পরিবর্তনের সম্মিলিত প্রভাবে ব্রণ তৈরি হয়।

টুথপেস্টে থাকা বেকিং সোডা বা অ্যালকোহলের মতো উপাদান ব্রণ শুকিয়ে দিতে পারে—এমন ধারণা থেকেই এটি ব্যবহারের প্রচলন হয়েছে। তবে ত্বকের জন্য টুথপেস্ট উপযোগী, এমন প্রমাণ নেই।

ডা. সিম্পসন বলেন, টুথপেস্টের এক বা দুটি উপাদান সাময়িকভাবে ত্বক কিছুটা শুষ্ক করতে পারে। কিন্তু এর মেনথল ও সোডিয়াম লরিল সালফেটের মতো উপাদান ত্বকে তীব্র জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। এতে প্রদাহ বেড়ে ব্রণের অবস্থা আরও খারাপ হতে পারে এবং ত্বকে স্থায়ী দাগ কিংবা রঙের পরিবর্তনের ঝুঁকি বাড়তে পারে।

ব্রণ কমাতে কী করবেন?

বিশেষজ্ঞরা ব্রণে টুথপেস্ট ব্যবহার না করে বিকল্প পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, হাইড্রোকলয়েড অ্যাকনে প্যাচ ব্রণের আকার, লালচে ভাব ও প্রদাহ কমাতে সহায়তা করতে পারে।

এ ছাড়া ব্রণ খোঁটানো বা চেপে ফাটানো থেকে বিরত থাকা উচিত। এতে ত্বকে স্থায়ী দাগ হওয়ার ঝুঁকি বাড়ে। আক্রান্ত স্থানে উষ্ণ কাপড় দিয়ে সেঁক দেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাজেলাইক অ্যাসিডের মতো ব্রণবিরোধী বাহ্যিক ওষুধ ব্যবহার করা যেতে পারে।

ডা. সিম্পসন জানান, ব্রণের চিকিৎসায় বাহ্যিকভাবে ব্যবহৃত ওষুধ থেকে ভালো ফল পেতে সাধারণত প্রায় ১২ সপ্তাহ পর্যন্ত নিয়মিত ব্যবহার প্রয়োজন হতে পারে। এসব চিকিৎসার কার্যকারিতা পেতে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ।

ব্রণ প্রতিরোধে ত্বকের যত্নের রুটিনে প্রদাহ কমাতে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সহায়ক উপাদানযুক্ত পণ্য রাখার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।

সাধারণ ত্বকের যত্নে ব্রণ নিয়ন্ত্রণে না এলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্রণ সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য যুক্তরাজ্যের অ্যাকনে সাপোর্ট এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব ডার্মাটোলজিস্টসের ওয়েবসাইট থেকেও তথ্য নেওয়া যেতে পারে। 

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬