বুক ব্যথা নেই, তবু হার্ট অ্যাটাক! যে ৪ লক্ষণ এড়িয়ে যাবেন না

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ AM
 হৃদরোগের লক্ষণ

হৃদরোগের লক্ষণ © সংগৃহীত

বুকে তীব্র ব্যথা হলেই যে হার্ট অ্যাটাক হবে, এমনটা নয়। অনেক সময় বুকের তীব্র ব্যথা ছাড়াও হৃদ্‌রোগের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে কিছু লক্ষণ সহজেই সাধারণ শারীরিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শরীরে হঠাৎ দেখা দেওয়া অস্বাভাবিক পরিবর্তনগুলো গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

সম্প্রতি মেরিল্যান্ডের চিকিৎসক কুণাল সুদ নারীদের হার্ট অ্যাটাকের এমন চারটি লক্ষণের কথা জানিয়েছেন, যেগুলো সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। তিনি অ্যানেসথেশিয়োলজিস্ট এবং ইন্টারভেনশনাল পেইন মেডিসিনের চিকিৎসক।

হার্ট অ্যাটাক মানেই সব সময় নাটকীয় কোনো পরিস্থিতি তৈরি হওয়া নয়। কখনও কখনও নীরবে বা সাধারণ কিছু উপসর্গের মাধ্যমে এর শুরু হতে পারে। সময়মতো লক্ষণগুলো বুঝতে না পারলে চিকিৎসা পেতে দেরি হতে পারে এবং পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।

১. বুকে চাপ ব্যথা

বুকে ব্যথা হার্ট অ্যাটাকের পরিচিত লক্ষণ। তবে এই ব্যথা সব সময় তীব্র নাও হতে পারে। বুকের মাঝখানে চাপ, ভারী লাগা, চেপে ধরার মতো অনুভূতি বা অস্বস্তিও হতে পারে।

অনেকে এমন অস্বস্তিকে গ্যাস, অম্বল বা অন্য কোনো সাধারণ সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে বুকের মাঝখানে হঠাৎ চাপ বা অস্বস্তি দেখা দিলে সেটিকে অবহেলা করা ঠিক নয়।

২. অন্যত্র ব্যথা

হার্টের সমস্যা হলেও ব্যথা বা অস্বস্তি শুধু বুকেই সীমাবদ্ধ থাকবে—এমন নয়। এক বা দুই হাত, পিঠ, ঘাড়, চোয়াল এমনকি পেটেও ব্যথা বা অস্বস্তি হতে পারে।

তাই শরীরের অন্য কোনো অংশে হঠাৎ অস্বাভাবিক ব্যথা বা চাপ অনুভূত হলে, বিশেষ করে এর সঙ্গে অন্য কোনো উপসর্গ থাকলে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

৩. শ্বাসকষ্ট

কোনো স্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? এটিও হার্ট অ্যাটাকের গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে।

বুকের ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। আবার বুকের ব্যথা ছাড়াও শুধু শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে হঠাৎ শুরু হওয়া শ্বাসকষ্টকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করা উচিত নয়।

৪. বমি ভাব

হঠাৎ গা-হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘাম হওয়া, বমি, বমি ভাব বা মাথা হালকা লাগার মতো অনুভূতিও হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে।

এসব উপসর্গকে অনেক সময় হৃদ্‌যন্ত্রের সমস্যার সঙ্গে মিলিয়ে দেখা হয় না। বরং ফ্লু, মানসিক চাপ, অম্বল বা সাধারণ দুর্বলতা বলে মনে হতে পারে। কিন্তু উপসর্গগুলো যদি আচমকা শুরু হয়, বিশেষ করে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দেয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

মহিলাদের হার্ট অ্যাটাকের উপসর্গ সব সময় একই রকম হয় না। তাই শুধু বুকে তীব্র ব্যথা হওয়ার অপেক্ষায় থাকলে কিছু ক্ষেত্রে চিকিৎসা পেতে দেরি হতে পারে।

আচমকা শ্বাসকষ্ট, বুকে চাপ বা অস্বস্তি, অস্বাভাবিক ব্যথা, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬