২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, মৃত্যু বেড়ে ৩৩৯৯

০৯ আগস্ট ২০২০, ০২:৩২ PM

দেশে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৩ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৫৭ হাজার ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৩৯৯ জন।

করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ের তথ্যমতে, দেশে ৮৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯টি নমুনা। এর আগের দিন ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯টি নমুনা।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ১ হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

শনিবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১১ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৩২ জন। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে নাসিমা সুলতানা বলেন, যেকোনো লক্ষণ বা উপসর্গ থাকলে কাছের পরীক্ষাকেন্দ্রে নমুনা পরীক্ষা করাবেন। যত পরীক্ষা করা হবে, ততই করোনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে। তাই সামান্য জ্বর বা কাশিকে অবহেলা করবেন না।

পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬
বেরোবিতে আর্জেন্টিনার খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়
  • ২৩ জুন ২০২৬
মনে হচ্ছে আর্জেন্টিনায় আছি— ঢাবিতে এসে রাষ্ট্রদূত
  • ২৩ জুন ২০২৬
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৩ জুন ২০২৬