হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার © সংগৃহীত
হামের টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে দায়দায়িত্বও নির্ধারণ করবে কমিশন। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হামের টিকা কেনা ও বিতরণে বিলম্বের কারণ খুঁজে বের করবে কমিশন। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করা হবে। অনিয়ম বা ব্যর্থতার সঙ্গে কারা জড়িত, তাও চিহ্নিত করবে কমিশন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে তারা। এ ছাড়া প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও সুপারিশ করতে পারবে কমিশন।
তদন্তের স্বার্থে কমিশনকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। দেশের যেকোনো স্থানে পরিদর্শন করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিশনের কাজ পরিচালনায় প্রয়োজনীয় প্রশাসনিক ও অন্যান্য সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ। তদন্তের খরচ ও কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সংক্রামক এ রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় ১০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। টিকা সংগ্রহ ও বিতরণে বিলম্ব এবং প্রশাসনিক দুর্বলতা নিয়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত কমিশন এসব বিষয় তদন্ত করে সংশ্লিষ্টদের দায়দায়িত্ব নির্ধারণ করবে।