গ্রাম পুলিশ © সংগৃহীত
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর দুটি পদের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ‘দফাদার’ পদের নাম হবে ‘গ্রাম পুলিশপ্রধান’ এবং ‘মহল্লাদার’ পদের নাম হবে ‘গ্রাম পুলিশ’। এ জন্য সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করেছে স্থানীয় সরকার বিভাগ। সংশোধনী অবিলম্বে কার্যকর হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেওয়া ক্ষমতাবলে সরকার ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনী গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি-সম্পর্কিত বিধিমালা, ২০১৫’ সংশোধন করেছে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগের বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশপ্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ দুটি প্রতিস্থাপন করা হয়েছে।