হয়রানি ছাড়াই শিক্ষকদের অর্থ দিতে ইএফটি-আইবাস প্লাস: মাহদী আমিন

১৫ আগস্ট ২০২৬, ১২:৩৫ PM
উপদেষ্টা মাহদী আমিন

উপদেষ্টা মাহদী আমিন © সংগৃহীত

শিক্ষকরা যাতে সরাসরি তাদের প্রাপ্য সুবিধা পান, সে জন্য ইএফটি ও আইবাস প্লাস নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, সরকার গঠনের পর ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো অর্থ ফিরিয়ে দেওয়া হবে। 

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ৬৪ জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, অনুষ্ঠানে দেশের ৬৪ জেলা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দিতে তারা ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষা ব্যবস্থায় এমপিওভুক্ত শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যুগের পর যুগ তারা কোটি কোটি শিক্ষার্থীকে নিজেদের হাতে তৈরি করেছেন।

মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শুরু থেকেই বলে এসেছেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আগামীর বাংলাদেশের কাণ্ডারি শিক্ষার্থীদের যারা তৈরি করেন, সেই কারিগর শিক্ষকদেরও সংস্কার করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের অধিকার কীভাবে সংরক্ষণ করা যায়, আজকের এই ছোট্ট প্রয়াস তারই বহিঃপ্রকাশ।

অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টকে এমপিওভুক্ত শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের দুটি বড় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই দুটি উদ্যোগ জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি হয়েছিল। এসব উদ্যোগের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের অর্থনৈতিক সহযোগিতা ও স্বনির্ভরতা নিশ্চিত করা হয়েছিল।

তবে পরবর্তী সময়ে এসব ব্যবস্থায় অনিয়ম ও দলীয়করণ করা হয়েছিল বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীরা তাদের নিজেদের অধিকার হিসেবে যে অর্থ পেতেন, সেটি পেতেও ঘুষ দিতে হতো। বিষয়গুলো দলীয়করণ করা হয়েছিল। বেছে বেছে মানুষকে দেওয়া হতো। আর যারা গণতান্ত্রিক মানুষ, তাদের বঞ্চিত করা হতো। বছরের পর বছর এভাবেই চলছিল।

তিনি বলেন, ২০২২ সাল থেকে এই অর্থ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় ৭ হাজার কোটি টাকা, যা শিক্ষকদের শ্রম, ঘাম ও অশ্রুতে অর্জিত, তৎকালীন ফ্যাসিবাদী সরকার লুণ্ঠন করেছিল। তারা এই অর্থ আত্মসাৎ ও পাচার করে দিয়েছিল। শিক্ষকেরা সেই টাকা কখনোই পাননি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছালে তিনি দ্রুত অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেন বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো মূল্যে আমাদের শিক্ষকদের এই অর্থ দ্রুততম সময়ে ফিরিয়ে দিতে হবে। সে অনুযায়ী সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে, ছয় মাসের মধ্যে, প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকার সংস্থান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে পর্যায়ক্রমে পুরো অর্থ যত দ্রুত সম্ভব শিক্ষকদের ফিরিয়ে দেওয়া হবে।

মাহদী আমিন বলেন, আজকের কার্যক্রমে ৭০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী সম্পৃক্ত রয়েছেন। তাদের ১ লাখ ২৩ হাজার আবেদন রয়েছে। সরকার দ্রুততম সময়ে এসব আবেদন প্রক্রিয়াকরণ করছে। শুধু অর্থ বিতরণ নয়, হয়রানি ও নৈরাজ্য বন্ধ করাও বড় পরিবর্তনের অংশ। শিক্ষকরা যাতে সরাসরি তাদের প্রাপ্য সুবিধা পান, সে জন্য ইএফটি ও আইবাস প্লাস নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ বাংলাদেশের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে দক্ষ, যোগ্য ও সুনাগরিক সন্তানেরা। আর তাদের তৈরি করবেন দক্ষ, যোগ্য ও সুপ্রতিষ্ঠিত শিক্ষকেরা। শিক্ষকদের স্বার্থ সংরক্ষণ করা, তাদের আর্থসামাজিকভাবে আরও বেশি ক্ষমতায়িত করা এবং তাদের পাশে থাকা সরকারের অগ্রাধিকার। যেসব শিক্ষক তাদের পথ দেখিয়েছেন, সেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশেও নির্বাচিত সরকার সব সময় থাকবে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাশে সরকার থাকবে। আজকের এই আয়োজন শিক্ষকদের প্রতি রাষ্ট্রের পক্ষ থেকে ছোট্ট একটি সম্মান ও ভালোবাসার প্রকাশ। কারণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি রাষ্ট্রের গভীর দায়বদ্ধতা রয়েছে। লাখ লাখ শিক্ষকের হাত ধরে তার মতো কোটি কোটি শিক্ষার্থী আজ সমাজের বিভিন্ন পর্যায়ে ছড়িয়ে পড়েছেন। শিক্ষকেরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তারা ভালো থাকলে তাদের নেতৃত্বে ও তাদের সঙ্গে পুরো বাংলাদেশ একযোগে এগিয়ে যাবে।

স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
স্মিথকে ফিরিয়ে জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ
  • ১৫ আগস্ট ২০২৬
বিএনপি ৩১ দফা প্রতিশ্রুতি দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্…
  • ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ১৫ আগস্ট ২০২৬
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী 
  • ১৫ আগস্ট ২০২৬
রাতে মাঠে গড়াচ্ছে লা লিগা, বার্সেলোনা-রিয়ালের ম্যাচ কবে
  • ১৫ আগস্ট ২০২৬