সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে

১৯ মে ২০২৬, ০১:২৮ PM
অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে

অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে © টিডিসি সম্পাদিত

আগামী অর্থবছরের শুরুতে ১ জুলাই থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একইসঙ্গে সরকারি পেনশনভোগীদের সুবিধাও বাড়ছে। পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের শুরুতে অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন হবে। কীভাবে উত্তম উপায়ে তা করা যায়, সে বিষয়ে কাজ চলছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ জন্য আগামী বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে বলে জানা গেছে। তবে বেতন কমিশনের সব সুপারিশ এখনই বাস্তবায়ন হচ্ছে না।

জানা গেছে, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হার শতভাগেরও বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পান, এমন পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি হতে পারে ১০০ শতাংশের মতো। মাসে ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর ৪০ হাজার টাকার বেশি হলে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত।

৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে ১০ হাজার টাকা। ৫৫ থেকে ৭৪ বয়সীরা পেতে পারেন ৮ হাজার টাকা। ৫৫ বছরের কম বয়সীদের ৫ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে। বেশি বেতনের সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া তুলনামূলক কম হারে বৃদ্ধির কলা বলেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

জানা গেছে, কমিশনের সুপারিশ কাটছাঁট করে তিন ধাপে বাস্তবায়ন হবে বলে ইঙ্গিত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী তিন অর্থবছরে বাস্তবায়ন করা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কমিটির সুপারিশ ছিল। তবে আমাদের তো বাজেটের সীমাবদ্ধতা আছে। কঠিন পরিস্থিতির মধ্যে আছি আমরা।’

তিনি বলেন, অর্থনীতির অবস্থা খারাপ। জিডিপির তুলনায় রাজস্ব সংগ্রহের অবস্থাও খারাপ। ফলে অনেক কিছু বাদ দিতে হচ্ছে আমাদের। কাটছাঁট করতে হচ্ছে। তার মধ্যেও নতুন বেতনকাঠামোর দিকটা দেখতে হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়টিও আলোচনা হয়েছে। আগামী ২১ মে বৃহস্পতিবার আবার বৈঠক ডেকেছে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে গঠিত কমিটি। সূত্রগুলো জানায়, এ বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬