‘মেসি ছাড়াও আর্জেন্টিনা ভয়ংকর’, বলছেন উরুগুয়ের তারকা

১০ নভেম্বর ২০২৬, ০৯:০৪ PM
আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ

আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ © সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসি অবসর নেওয়ার পরও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হালকাভাবে নিতে রাজি নন উরুগুয়ের স্ট্রাইকার রদ্রিগো আগুয়েরে। তার সতর্কবার্তা, মেসি না থাকলেও আর্জেন্টিনা এখনো আর্জেন্টিনাই। বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে আগামী শুক্রবার লা বোম্বোনেরায় হাইভোল্টেজ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দক্ষিণ আমেরিকান জায়ান্ট।

আগুয়েরের মতে, বুয়েনস এইরেসে শুক্রবারের ম্যাচটি অন্তর্বর্তীকালীন কোচ ফোরলানের অধীনে উরুগুয়ের অগ্রগতি যাচাইয়ের বড় পরীক্ষা। যদিও সাবেক অধিনায়ক ও দলের প্রাণভোমরা মেসিকে ছাড়া নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে আর্জেন্টিনা।

'এল বাফালো' নামে পরিচিত মেক্সিকোভিত্তিক এই ফরোয়ার্ড নভেম্বরের প্রীতি ম্যাচ সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। এ মাসে আর্জেন্টিনা ও ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে খেলবে উরুগুয়ে। এশিয়া সফরে দুটি জয় ও একটি হারের অভিজ্ঞতা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে এসেছে ফোরলানের দল।

২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বসেরার মুকুট হারানোর পর গত ৬ অক্টোবর মেসিকে বিদায় জানায় আর্জেন্টিনা। এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ৮৫ হাজার দর্শকের সামনে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। এর মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে তার গোলসংখ্যা ১২৬। এই সময়ে ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তিনি।

লা সেলেস্তেদের সামনে অপেক্ষায় থাকা ১৯৭তম 'ক্লাসিকো দেল রিও দে লা প্লাতা' নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে আগুয়েরে বলেন, “মেসি না থাকলেও আর্জেন্টিনা এখনো আর্জেন্টিনাই। সত্যি বলতে, এটি দারুণ একটি ম্যাচ। আমরা কোন অবস্থানে আছি, তা যাচাই করার জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ।”

এশিয়া সফরের শুরুতে জাপানের কাছে অভিষেক ম্যাচে ৩-১ গোলে হেরেছিল উরুগুয়ে। তবে পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। এরপর ভারতকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে সফর শেষ করে দলটি। এবার দক্ষিণ আমেরিকায় ফিরে নিজেদের সমর্থকদের সামনে খেলার অপেক্ষায় উরুগুয়ে। আগামী মঙ্গলবার দেশের মাটিতে দ্বিতীয় প্রীতি ম্যাচে ডমিনিকান রিপাবলিকের মুখোমুখি হবে তারা।

নিজেদের সমর্থকদের সামনে খেলতে নামার আগে দলের পরিবেশ নিয়ে আগুয়েরে বলেন, “দলের সবার সঙ্গে কথা বলে বুঝেছি, আমরা সবাই একই ভাবনায় আছি। উরুগুয়েতে ফিরে খেলতে পারব ভেবে আমরা আনন্দিত ও রোমাঞ্চিত। জাতীয় দলের সঙ্গে থাকা সব সময়ই দারুণ অনুভূতির। আর দেশে ফিরে নিজের পরিবার ও প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর আনন্দই আলাদা।”

ডাগআউটে কিংবদন্তি সাবেক স্ট্রাইকার দিয়েগো ফোরলানের উপস্থিতি নিয়েও কথা বলেছেন আগুয়েরে। তিনি বলেন, “দিয়েগো আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সবাই জানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঐক্য, নিজেদের মধ্যে একাত্মতাবোধ এবং সবাই মিলে আনন্দের সঙ্গে এখানে থাকা।”

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যালবিয়নের গোলরক্ষক সেবাস্তিয়ান হাউমে এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের আক্রমণভাগের খেলোয়াড় ব্রুনো দামিয়ানি। তবে চোটের কারণে দলে নেই ব্রায়ান রদ্রিগেজ, ম্যানুয়েল উগার্তে ও নাহিতান নান্দেজ। এ ছাড়া আগামী ২১ নভেম্বর বোকা জুনিয়র্সের হয়ে কোপা সুদামেরিকানার ফাইনালে খেলার কারণে দলে রাখা হয়নি মিগেল মেরেন্তিয়েলকে।

শুক্রবার লা বোম্বোনেরায় মাঠে নামবে উরুগুয়ে। ২০২৫ সালের ২১ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হারের প্রতিশোধ নেওয়াই থাকবে তাদের লক্ষ্য।

এর চার দিন পর, আগামী মঙ্গলবার মালদোনাদোর ক্যাম্পাসে ডমিনিকান রিপাবলিককে আতিথ্য দেবে লা সেলেস্তে। এর আগে ২০২৫ সালের ১০ অক্টোবর দুই দলের একমাত্র দেখায় ১-০ গোলে জিতেছিল উরুগুয়ে। এবারও সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ফোরলানের দল।

শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950