লিওনেল মেসি © সংগৃহীত
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। রোববার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবরোয় নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এই জয়ের মধ্য দিয়ে ২০২৭ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মায়ামি। একই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই নিউ ইংল্যান্ডকে পেছনে ফেলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক নিউ ইংল্যান্ড। এ সময় তারা ছয়টি শট নেওয়ার পাশাপাশি পাঁচটি কর্নার আদায় করে নেয়। একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মায়ামির রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলাই ফেইনগোল্ডের পাস থেকে গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় মায়ামি। ৬৯ মিনিটে লিওনেল মেসির দারুণ ব্যাকহেড থেকে বল পেয়ে গোল করেন জার্মান বেরতেরামে। তার গোলে ১-১ সমতায় ফেরে সফরকারীরা।
সমতা ফেরার পর আক্রমণভাগ শক্তিশালী করতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় মায়ামি। শেষ পর্যন্ত নিজের জাদু দেখান অধিনায়ক মেসি।
বক্সের বাইরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মহাতারকা। মেসির এই শটে কিছুই করার ছিল না নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারের। তার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
শেষ পর্যন্ত মেসির ওই গোলেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের ফলে শুধু তিন পয়েন্টই নয়, আগামী মৌসুমের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও পেয়েছে ইন্টার মায়ামি।