লিওনেল মেসি © সংগৃহীত
এমএলএসের (মেজর লিগ সকার) বিশেষ ‘গুড বিহেভিয়ার’ নিয়মের কারণে পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসিকে। সিনসিনাটির বিপক্ষে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখায় তাঁর কার্ডের সংখ্যা পাঁচে পৌঁছালেও আগের দুই দফায় শৃঙ্খলাপূর্ণ আচরণের পুরস্কার হিসেবে দুটি কার্ড বাদ পড়েছে। ফলে শাস্তিযোগ্য কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এতে আগামী সোমবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে মাঠে নামতে পারবেন আর্জেন্টাইন মহাতারকা। খবর টিওয়াইসি স্পোর্টসের।
সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের ৪৪ মিনিটে হলুদ কার্ড দেখেন মেসি। স্যামুয়েল গুইদির ওপর ফাউল করায় রেফারি আরমান্ডো ভিয়াররিয়াল তাঁকে কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষও প্রকাশ করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। ফলে সিনসিনাটির বিপক্ষে কার্ড পাওয়ার পর তাঁর হলুদ কার্ডের সংখ্যা পাঁচে পৌঁছায়। সাধারণ নিয়মে পাঁচটি হলুদ কার্ড পূর্ণ হলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় কোনো খেলোয়াড়কে। তবে এমএলএসে এ নিয়মের ক্ষেত্রে রয়েছে বিশেষ ছাড়।
এই ছাড়ের নাম ‘গুড বিহেভিয়ার’। নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড না দেখে খেলতে পারলে তাঁর জমা হওয়া হলুদ কার্ডের সংখ্যা থেকে একটি বাদ দেওয়া হয়। মাঠে শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতি হিসেবে খেলোয়াড়দের এই সুবিধা দেয় এমএলএস কর্তৃপক্ষ।
তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রয়েছে। একটি নিয়মিত মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার ‘গুড বিহেভিয়ার’ সুবিধা নিতে পারেন। অর্থাৎ, তিনবার কার্ড বাদ যাওয়ার পর আর কোনো হলুদ কার্ড এই নিয়মে বাতিল করার সুযোগ নেই।
মেসির ক্ষেত্রে চলতি মৌসুমে এরই মধ্যে দুইবার এই নিয়ম কার্যকর হয়েছে। অরল্যান্ডো সিটির বিপক্ষে হলুদ কার্ড দেখার পর ন্যাশভিলের বিপক্ষে পরবর্তী কার্ড পাওয়ার আগে টানা পাঁচটি ম্যাচ খেলেছিলেন তিনি। ফলে একটি হলুদ কার্ড বাদ পড়ে।
এরপর দ্বিতীয়বার আটলান্টার বিপক্ষে ম্যাচের আগে তাঁর আরেকটি হলুদ কার্ড বাদ যায়। কারণ, আগের কার্ড দেখার পর টানা ১০ ম্যাচ কোনো হলুদ কার্ড ছাড়াই খেলেছিলেন মেসি। ফলে ‘গুড বিহেভিয়ার’ নিয়মে দুইবার সুবিধা পান তিনি।
সিনসিনাটির বিপক্ষে সর্বশেষ হলুদ কার্ড দেখার পরও তাই মেসির শাস্তিযোগ্য কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। নিয়ম অনুযায়ী, পাঁচটি কার্যকর হলুদ কার্ড পূর্ণ না হওয়ায় তাঁকে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না।
এর ফলে এমএলএসের নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচডেতে আগামী সোমবার নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে খেলতে পারবেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি।