ফিফার সর্বশেষ নারী ফুটবল র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছে বাঘিনীরা।
সম্প্রতি এশিয়ান গেমসে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারে লাল-সবুজেরা। দুই ম্যাচে মোট ১৬ গোল হজম করলেও র্যাঙ্কিং পয়েন্টে বড় কোনো প্রভাব পড়েনি। উত্তর কোরিয়ার বিপক্ষে হারে বাংলাদেশের পয়েন্ট কমে ০.০৬ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ০.২৮। কেননা, র্যাঙ্কিংয়ে দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধান প্রায় ১০০ ধাপ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ড্রয়ে বাংলাদেশের র্যাঙ্কিং পয়েন্ট ৪ দশমিক ৬৪ বেড়েছে। ফলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়ায় ১১৭৫ দশমিক ৩৫।
গত বছর এশিয়া কাপের বাছাইপর্বে মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই জয়ে র্যাঙ্কিংয়ের সংশ্লিষ্ট উইন্ডোতে সবচেয়ে বেশি উন্নতি করে ফিফার শিরোনামেও জায়গা করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা।