এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে রাজউক উত্তরা মডেল কলেজ। এবছর রাজউক কলেজ থেকে মোট ১ হাজার ৫৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে সবাই পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২২ জন। রাজউকে এবার বিজ্ঞান বিভাগ থেকে ১০৩২ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৩৮ জন ও মানবিক বিভাগ থেকে ১১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
বুধবার দুপুর ১টার দিকে কলেজটির ফলাফল বোর্ডে প্রকাশিত হয়। এ সময় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ প্রাঙ্গণে ব্যাপক আনন্দ উল্লাসে মেতে থাকতে দেখা যায়। অনেকেই ঢাকঢোল পিটিয়ে আনন্দে মেতে উঠেছেন। নেচে গেয়ে ফল উদযাপন করছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে গত বছর ৭৫৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো। এবার জিপিএ ৫ পেয়েছে ১১২২ জন শিক্ষার্থী।
এছাড়া গত বছর কলেজটি থেকে ১ হাজার ৫৩৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ হাজার ৫৩৮ জন পাস করে। পাসের হার ছিল ৯৯ দশমিক ৯৪ শতাংশ। তবে এর আগের বছর রাজউকে পাসের হার ছিল শতভাগ।
ফল প্রকাশের পর রাজউক কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলম বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি। ২০১১ সাল থেকে আমরা দেশের শীর্ষস্থানীয় কলেজ হিসেবে স্থান দখল করে আছি।’
একই ফলাফল করা আরেক শিক্ষার্থী নাবিলা মাহমুদা খানম বলেন, ‘আমি অনেক খুশি। আমার মা-বাবার দোয়ায় আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করতে চাই।’