কেন ভর্তি হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে?

১৩ জুলাই ২০১৯, ১০:০২ PM

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই নাম আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠা সালের হিসেবে এটি দেশের ২য় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয় প্রাচ্যের অক্সফোর্ড তবে রাবি হবে প্রাচ্যের ক্যামব্রিজ। এমনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য খুব কম শিক্ষার্থীর হয়।

উচ্চ শিক্ষার লালিত স্বপ্নকে আরো এক ধাপ এগিয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৮টি ডিপার্টমেন্ট। অর্থনীতি, লোকপ্রশাসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃবিজ্ঞান, ক্লিনিকাল সাইকোলজি, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, দর্শন, ভাষা, সাহিত্য, আইন, নাট্যকলা, সংগীত, পদার্থবিদ্যা, পরিসংখ্যান, রসায়ন, ফার্মেসি, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ও বায়োটেকনোলজি, কৃষি, ভেটেরিনারি, পেইন্টিং, গ্রাফিক্স ডিজাইনিং কোনটি পড়তে চান আপনি? এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগই সমৃদ্ধ।

আপনার স্বপ্ন যদি হয় ইঞ্জিনিয়ারিং, তাহলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদ হতে পারে আপনার অন্যতম পছন্দের গন্তব্য। সিএসই, আইসিই, ট্রিপল ই, এপ্লাইড কেমেস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ম্যাটারিয়েল সায়েন্স ইত্যাদি বিভাগগুলোতে শিক্ষাগত মান, যোগ্য শিক্ষকমন্ডলীর অপূর্ব সম্মিলন ঘটেছে। আছে সর্বাধুনিক ল্যাব সুবিধা। এছাড়াও থাকছে উন্নত বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের অবারিত সুযোগ। এখানকার কম্পিউটার প্রকৌশল ল্যাব সুবিধা বুয়েট, রুয়েট কিংবা কুয়েটের সমপরিমাণ। এবং আরেকটা ভাল দিক হল, এই বিভাগগুলোতে সেশনজট নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন বিশ্বসেরা পদার্থবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক স্যার। আছেন সিগন্যাল প্রসেসিং এ অন্যতম দেশসেরা প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্লা স্যার। এশিয়া খ্যাত কবি, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বাংলাদেশের বিচার বিভাগের অনেক বিচারপতি, এডভোকেট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কবি হাসান হাফিজুর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক।

দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস রাবি। ভর্তির পরেই প্রতিটি শিক্ষার্থীকেই দেওয়া হয় বিশেষ চিপ-যুক্ত স্মার্ট আইডি কার্ড। ঢাকার বাইরে খুব কম ভার্সিটির ক্যাম্পাসেই এত চমৎকার ওয়াইফাই সুবিধে আছে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে গবেষণা বা থিসিসের নকল রোধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে প্লেইজারিজম সফটওয়্যার ব্যবহার শুরু করেছে। এতে কোন রচনার কতটুকু অংশ কপি করা হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যের সাথে সাথে বর্তমান তথ্যাবলী ও ভবিষ্যৎ পরিকল্পনা সরক্ষন করতে আছে বিশ্ববিদ্যালয় আরকাইভস। আরেকটা ভাল দিক হল রাবি ক্যাম্পাস পুরোপুরো র‍্যাগিংমুক্ত।

সৌন্দর্যের প্রতিমা হয়ে রাবিতে জেগে থাকা এই রাস্তাটির নাম প্যারিস রোড

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে মেয়েদের জন্য ৬টি হল, ছেলেদের জন্য ১১টি এবং বৈদেশিক শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি আন্তর্জাতিক ডরমেটরি। শিক্ষা ও গবেষণা কার্যক্রম কে আরো এগিয়ে দিতে আছে সুবিশাল সেন্ট্রাল লাইব্রেরি। রয়েছে শহীদ স্মৃতি সংগ্রহশালা এবং বাংলাদেশের প্রথম ও সবচেয়ে প্রাচীন মিউজিয়াম বরেন্দ্র জাদুঘর। এছাড়াও প্রতিটি বিভাগের নিজস্ব সেমিনার লাইব্রেরী তো আছেই। আরও আছে ২৫০০ আসন সম্বলিত কাজী নজরুল ইসলাম মিলনায়তন, যা আরো অত্যাধুনিক করার প্রকল্প হাতে নেয়া হয়েছে ইতোমধ্যে।

আপনি যদি হোন অর্গানাইজার টাইপ, বা সবসময় চান নতুন কিছু করতে, এমন কিছু করতে যা আগে কেউ করেনি, তাহলে আপনার জন্য সুখবর। রাজধানী থেকে দূরে হওয়ায় রাজশাহীতে এখনো অনেক কাজই হয় নি, শুধু উদ্যোগী মানুষের অভাবে পড়ে আছে। এমন সামাজিক কাজগুলোর জন্য ঢাকার বাইরের শহরগুলোর মাঝে রাজশাহী বেশ উপযোগী।

এবারে আসি যারা ক্লাব ও বিভিন্ন সংগঠনে কাজ করতে আগ্রহী তাদের বিষয়ে। রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব, আইটি সোহাইটি, ক্যারিয়ার ক্লাব, রোবোটিক্স ক্লাব, ইউনিস্যাব, গণশিল্পী, স্বনন, বাঁধন, পাঠক ফোরাম নবজাগরণ ফাউন্ডেশন, সাংবাদিকদের জন্য প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি,সাংবাদিক সমিতি, এমন শতাধিক সংগঠন। এইসব প্রতিষ্ঠানগুলো বর্তমানে প্রচুর ভাল ভাল ইভেন্ট নিয়ে কাজ করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে কাজ করে যাচ্ছে।

দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সবচে গোছানো ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আয়তনের দিক থেকে রাবি দেশের ২য় বৃহত্তম, যার ভূমি আয়তন ৩০৩.৮০ হেক্টর।এখানে রয়েছে সুবিশাল গ্যালারীযুক্ত স্টেডিয়াম, আছে জিমনেশিয়াম, সুইমিং পুল, নিজস্ব স্টেডিয়াম। রাবি'র শিক্ষার্থীদের যাতায়াতের জন্য আছে ৩৯ টি বাস। রয়েছে নিজস্ব ফিলিং স্টেশন।

ভর্তি পরীক্ষার ইউনিট ও আসন সংখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছরের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা হয় ৫টি ইউনিটে।

‘এ’ ইউনিট (কলা ও চারুকলা অনুষদ)- সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। ‘বি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট)- সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।‘সি’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), ‘ডি’ ইউনিট (জীব ও ভূবিজ্ঞান এবং কৃষি অনুষদ) ‘ই’ ইউনিট (আইন ও সামাজিক বিজ্ঞান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট): সকল গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।

আসন সংখ্যা : এ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৬১টি, বি ইউনিটের আসন ৫৬০টি(ব্যবসায় শিক্ষা- ৪৫৫টি, বিজ্ঞান + মানবিক- ১০৫টি),  সি ইউনিটের আসন সংখ্যা ৯৪২টি, ডি ইউনিটের আসন ৬৫২টি এবং ই ইউনিটের ৯৫৮টি।

নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬