এইচএসসিতে ভালো ফলের পর শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস। © সংগৃহীত
এবছর এইচএসসিতে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস করেছে ৬৪ দশমিক ৫৫ ভাগ শিক্ষার্থী। কিন্তু সবচেয়ে বেশি ৭৯ দশমিক ১৪ ভাগ পাশ করে যেখানে অধিপত্য রেখেছে বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সায়েন্স অ্যান্ড হোম ইকোনোমিক্স থেকে ২ লাখ ৩৮ হাজার ৯শ’ ৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছেন ১ লাখ ৮৯ হাজার ৭৮ শিক্ষার্থী। অর্থাৎি বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৯ দশমিক ১৪ ভাগ।
এদিকে, পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাণিজ্য বিভাগ। এই বিভাগে ২ লাখ ৬৮ হাজার ৮শ’ ৯৪ জন শিক্ষার্থীর বিপরীতে পাস করেছে ১ লাখ ৮৪ হাজার ৩শ’ ৩৬ শিক্ষার্থী। অর্থাৎ বাণিজ্যে পাসের হার ৬৮ দশমিক ৫৫ ভাগ।
এছাড়া সবেচেয়ে কম পাসের হার মানবিকে। এই বিভাগে এবার ৫ লাখ ৬৪ হাজার ২শ’ ৩১ জন শিক্ষার্থীর বিপরীতে পাস করেছে ৩ লাখ ১৮ হাজার ৫শ’ ৫৪ শিক্ষার্থী। ফলে মানবিকে পাসের হার এবার ৫৬ দশমিক ৪৬ ভাগ।
বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে তাঁরা ফলাফলের এই অনুলিপি তুলে দেন। এরপর বেলা একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।