তীর্থ বিশ্বাস ও তার দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল © সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ভাটই বাজার এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তীর্থ বিশ্বাস উপজেলার ভাটই গ্রামের তপন কুমার বিশ্বাসের ছেলে। সে ভাটই মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তীর্থ মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ভাটই বাজারসংলগ্ন ভাটই সরকারি কলেজের সামনে একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঝিনাইদহ-কুষ্টিয়াগামী আরেকটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা তপন কুমার বিশ্বাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মাত্র দুই মাস আগে ছেলের আবদারের কারণে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম। আজ সেই মোটরসাইকেলই তার প্রাণ কেড়ে নিল। এখন আমি কী নিয়ে বাঁচব?’
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।