অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী © ফাইল ফটো
খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, জাতীয় অধ্যাপক এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছেন, বুয়েট প্রতিষ্ঠার ইতিহাসে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা সবচেয়ে মর্মান্তিক এবং মারাত্মক। এ ঘটনায় দেশ ছড়িয়ে সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। আশা করছি এর সুষ্ঠু এবং কার্যকরী বিচার হবে।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী বুয়েট এ্যালামনাইয়ের ‘গ্র্যান্ড রিইউনিয়ন-২০২০’ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বুয়েটের সাবেক এ শিক্ষক বর্তমানে বুয়েট এ্যালামনাইয়ের সভাপতি।
অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, আবরার হত্যার ঘটনায় বুয়েট এ্যালামনাই কর্মসূচি পালন করেছে। কর্মসূচিতে দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করা। আমি মনে করি, পুরো শিক্ষাব্যবস্থা থেকে দুরবস্থা দূর করতে হলে লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করতে হবে। লেজুড়বৃত্তির রাজনীতি বন্ধ করার মাধ্যমে শিক্ষাব্যবস্থার খারাপ অবস্থা থেকে উত্তরণ সম্ভব।
অনুষ্ঠোনে প্রধান অতিথির ব্ক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আপনাদের জগৎ আর আমার জগৎ অনেকখানি আলাদা। তবুও আপনারা আমাকে আহবান করেছেন এবং সম্মানের আসন দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ১০ বছর পর পর বুয়েটে রিইউনিয়ন হয়। যখন পরস্পরের সাথে দেখা হয় তখন হৃদয় স্পন্দন হয় এবং স্মৃতি রোমন্থন হয়।
তিনি বলেন, বুয়েটের অনেক বড় ঐতিহ্য রয়েছে। দুঃখজনকভাবে আবরার ফাহাদের হত্যাকান্ড বুয়েটের কপালে কালিমা রেখা এঁকেছে। এই ঘটনার পর জানতে পারলাম শুধু বুয়েটের নয় বাংলাদেশের প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নির্যাতন চলে আসছে। এটা আমাদের খুবই বিস্মিত করে। দেশের সেরা এবং মেধাবী শিক্ষার্থীরাই বুয়েটসহ নানা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাদের মাঝে যদি এই অমানবিক মানসিকতা থাকে তাহলে এই মেধা নিয়ে কি করব? আজকে এই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে এবং এর জন্য পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমরা যারা আজকে শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটা মৌলিক প্রশ্ন করতে হবে, আমরা কি শুধুমাত্র পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছি? আমাদের ভালো ছাত্র হওয়ার চেয়ে দায়িত্বশীল নাগরিক হওয়া বেশি জরুরি।
এর আগে সকাল ১০টায় দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন এ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এসময় স্বাগত ভাষণ দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বুয়েট এলামনাই এর সমন্বয়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন বুয়েট এ্যালামনাইয়ের মহাসচিব ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক আইনুন নিশাত প্রমুখ।