বুটেক্স অধ্যাপক © সংগৃহীত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান (দর্পণ) মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যাপক ড. মো. মশিউর রহমান খান বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী কল্যাণ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধিভুক্ত কলেজগুলোর পরিদর্শকের দায়িত্বও পালন করেন তিনি। ২০২৪ সালের ১৮ থেকে ২৬ এপ্রিল তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের জার্মানি সফরকালে তিনি উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি ওপেক্স গ্রুপে দুই বছর মার্চেন্ডাইজার হিসেবে কাজ করেন। পরে সিনহা গ্রুপে ডাইং মাস্টার ও ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের জুনে তিনি গার্মেন্টস টেকনোলজি বিষয়ে শিক্ষক হিসেবে তৎকালীন কলেজ অব টেক্সটাইল টেকনোলজিতে যোগ দেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বস্ত্রশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শিক্ষাজীবনে অধ্যাপক ড. মশিউর রহমান খান ১৯৮৯ সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব টেক্সটাইল টেকনোলজি (বর্তমান বুটেক্স) থেকে টেক্সটাইল টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বোল্টন থেকে টেক্সটাইল স্টাডিজে এমএসসি এবং ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও কেমিকৌশল বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।