চুয়েটে সংঘর্ষ

ভিডিও ধারণের সময় হামলার শিকার এক সাংবাদিক, হামলাকারী তিনজনের পরিচয় শনাক্ত

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ PM
সাংবাদিকের ওপর হামলাকারী তিনজন

সাংবাদিকের ওপর হামলাকারী তিনজন © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় জড়িতরা হলেন-নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ, যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান ও সাজিদ মাহমুদ। অপরদিকে মারধরের শিকার দৈনিক আমাদের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক জুনিয়র শিক্ষার্থীকে ডাকা নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে চুয়েটের দৈনিক আমাদের সময়ের ক্যাম্পাস প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনকে বাধা দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ। তিনি ইশারা করে স্বাধীনের দিকে এগিয়ে যান এবং ভিডিও ধারণে প্রতিবন্ধকতা তৈরি করেন।

পরে স্বাধীনের সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে ডেকে আনা হয় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে। গালিব তার সাংবাদিক পরিচয় ও সমিতির কার্যকরী সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপরও একপর্যায়ে স্বাধীনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাকে মারধর ও এলোপাথাড়ি ঘুষি মারতে থাকেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান।

এ সময় একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ মাহমুদও তার সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান এবং তাকে মারধর করেন। পরে শিহাবুল ইসলাম খান আবারও তার এলোপাথাড়ি ঘুষি মারেন। একপর্যায়ে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদকও তাকে কয়েক দফা মারধর করেন। পরে অরিন ঘোষ স্বাধীনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

মারধরের বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, আমি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করছিলাম। এ সময় প্রথমে আমাকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। পরে আমার সাংবাদিক পরিচয় নিশ্চিত করার জন্য সাংবাদিক সমিতির সভাপতিকে ডেকে আনা হয়। তিনি আমার পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী আমার ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, আমি বারবার নিজের সাংবাদিক পরিচয় ও দায়িত্ব পালনের বিষয়টি জানিয়েছি। এরপরও তারা আমাকে মারধর করেন। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, ঘটনার সময় আমাকে সেখানে ডেকে নেওয়া হলে আমি স্বাধীনকে চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিই। বিষয়টি বোঝার চেষ্টা করে মীমাংষা করার চেষ্টা করি। আলোচনার এক পর্যায়ে স্বাধীনের পরিচয় নিশ্চিত করার পরও তার ওপর এভাবে সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হবে, তাকে সন্ত্রাসী কায়দায় মারবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সেখানে সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

তিনি বলেন, এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এর অর্থ সত্যের গলা টিপে ধরে হত্যার চেষ্টা। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

নাইট্যাগের সভাপতি হলেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কে…
  • ২৮ নভেম্বর ২০২৬
ভিডিও ধারণের সময় হামলার শিকার এক সাংবাদিক, হামলাকারী তিনজনে…
  • ২৮ নভেম্বর ২০২৬
মুশফিকের অবসরের ঘোষণা দিলেন তামিম, নেপথ্যে কী?
  • ২৮ নভেম্বর ২০২৬
ইউরোপের কোন দেশে চাকরির সুযোগ বেশি, যেসব বিষয় জানতে হবে
  • ২৮ নভেম্বর ২০২৬
৩০ প্রশ্নের ভিত্তিতে উপবৃত্তি পাবে ২৬ লাখ ছাত্র
  • ২৮ নভেম্বর ২০২৬