চুয়েট থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষক সমিতির কর্মসূচি ঘোষণা

২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন উপযুক্ত প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। এ দাবিতে আগামী রোববার (২৯ নভেম্বর) মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের (২০২৬-২৭) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে চুয়েটে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে একজন যোগ্য প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। এ দাবিতে আগামী রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে থেকে মৌন মিছিল বের করা হবে।

এতে আরও বলা হয়, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচিতে সমর্থন করে না চুয়েট শিক্ষক সমিতি।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

পরবর্তী সময়ে গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে রাখেন।

এরপরও অচলাবস্থা নিরসন না হওয়ায় প্রায় এক মাস পর গত বুধবার রাতে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা …
  • ২৭ নভেম্বর ২০২৬
আইজিপি-স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
  • ২৭ নভেম্বর ২০২৬
বিমান না পাঠালে কিভাবে আসবেন হাসিনা, বললেন কার্যক্রম নিষিদ্…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঐক্যের নামে চাঁদাবাজি নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে যা বললেন ন…
  • ২৭ নভেম্বর ২০২৬