আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

০১ আগস্ট ২০২৬, ১১:৫৫ PM
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি

‎দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তাচর্চা, সমসাময়িক বিষয়ে বিশ্লেষণী দক্ষতা এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিতর্ক ক্লাবের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৮টি দল অংশগ্রহণ করে। ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেশের তরুণ বিতার্কিকদের জন্য যুক্তি, বিশ্লেষণ ও মননশীলতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

‎প্রতিযোগিতার প্রথম দিনে (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ ভবনে সকাল ৮টায় অংশগ্রহণকারী দলগুলোর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। পরে সকাল সাড়ে ৮টায় টুর্নামেন্ট ব্রিফিং অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চারটি প্রাথমিক পর্ব শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতা বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক চ্যাম্পিয়নশিপের (ডব্লিউইউডিসি) নীতিমালা অনুসারে ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে প্রতিটি দলে দুইজন করে বক্তা অংশগ্রহণ করেন।

‎প্রতিযোগিতার দ্বিতীয় দিন (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। এ পর্বের বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ ‘এশিয়ান স্প্রিং’-এর উত্থানে অনুতপ্ত।’ চূড়ান্ত পর্বে চারটি দল অংশগ্রহণ করে, যেখানে তীব্র যুক্তি, তথ্যসমৃদ্ধ বিশ্লেষণ এবং বাগ্মিতার মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগীরা।

‎ফাইনাল শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘সিইউডিএস এ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির সদস্য ছিলেন মেহরাব মিজান ও ইরফান অপূর্ব। রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিতর্ক সংসদের ‘ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা’ দল, যার সদস্য ছিলেন আহমেদ রাকিবুল ইসলাম ও ধীমান বিশ্বাস। এছাড়া চূড়ান্ত পর্বের সেরা বিতার্কিক এবং পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সদস্য ইরফান অপূর্ব।

‎সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. তানভির হাসান, সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম ও সাদিয়া সিদ্দিকা, ক্লাবের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক, বিচারক ও বিতার্কিকরা।

‎সমাপনী অনুষ্ঠানে রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি এবং পুরকৌশল বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানভির হাসান বলেন, যুক্তির চর্চা ও বিকাশকে সামনে রেখে গত সাত বছরের মতো এবারও ‘রুয়েটডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ আয়োজন করা হয়েছে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ২৮টি দলের তার্কিকদের জানাই আন্তরিক ধন্যবাদ। এছাড়া স্বেচ্ছাসেবক, ক্লাবের সদস্য, সাবেক সদস্য ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। রুয়েট ডিবেটিং ক্লাব সবসময়ই বিতর্কচর্চাকে মহিমান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

‎আয়োজকরা জানান, যুক্তিনির্ভর চিন্তাচর্চা, মতপ্রকাশের সংস্কৃতি এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা বিকাশে এ ধরনের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব, দলগত সমন্বয় এবং সমসাময়িক বিষয়ে গভীর অনুধাবন গড়ে তোলার পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বন্ধন সুদৃঢ় করতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬
লন্ডনেও যাইনি, শিলংয়েও যাইনি, গুপ্ত বলেন কেন: গোলাম পরওয়ার
  • ০১ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬