বদলাল গোবিপ্রবির প্রধান ফটকের সেই টিনের বেড়া

১৯ জুলাই ২০২৬, ০৫:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ০৫:১৩ PM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © টিডিসি

দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের এক পাশে থাকা টিনের অস্থায়ী বেড়া নিয়ে সমালোচনার পর অবশেষে সেখানে স্থাপন করা হয়েছে স্টেইনলেস স্টিলের (এসএস) তৈরি গেট। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সৌন্দর্য আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

গত ১৬ জুন দ্য ডেইলি ক্যাম্পাসে ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে টিনের বেড়া’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে প্রধান ফটকের অসমাপ্ত নির্মাণকাজ, টিনের অস্থায়ী বেড়া এবং এর কারণে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

এরপর একদল শিক্ষার্থী নিজ উদ্যোগে প্রধান ফটকের এক পাশে থাকা টিনের বেড়া অপসারণ করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িকভাবে সেখানে বাঁশের বেড়া স্থাপন করে। বিষয়টি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে দ্রুত প্রধান ফটকের নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানান।

অবশেষে সেই দাবির আংশিক প্রতিফলন হিসেবে এক মাস পর ১৮ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এক পাশে থাকা টিন ও বাঁশের অস্থায়ী ঘেরাটোপের পরিবর্তে এখন দুই পাশে এসএস গেট স্থাপন করা হয়েছে। এতে প্রধান প্রবেশদ্বারের সৌন্দর্য আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘদিনের একটি অস্থায়ী ব্যবস্থা থেকে বেরিয়ে এসে এসএস গেট স্থাপন ইতিবাচক উদ্যোগ হলেও প্রধান ফটকের নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। রং, লাইটিং, ল্যান্ডস্কেপিংসহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। আমরা চাই শুধু আংশিক নয়, পুরো প্রধান ফটকের কাজ দ্রুত সম্পন্ন করা হোক। একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার তার পরিচয় বহন করে। তাই এটি আধুনিক ও নান্দনিকভাবে সম্পূর্ণ করা জরুরি।’

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘বাজেট সংকটের কারণে প্রধান ফটকের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে বাজেটের একটি অংশ বরাদ্দ পাওয়া গেছে। আগামী অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই প্রধান ফটকের সম্পূর্ণ কাজ শেষ করা হবে বলে আশা করছি।’

সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রধান ফটকের এক পাশের টিনের অস্থায়ী বেড়া অপসারণ করে সেখানে এসএস গেট স্থাপন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের প্রত্যাশা, শুধু গেট স্থাপনেই নয়, দ্রুত পুরো প্রধান ফটকের নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক রূপ দেওয়া।

কৃষকলীগ নেতাকে আদালতে পাঠানোর সময় ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ…
  • ৩১ আগস্ট ২০২৬
৭ জেলায় সকালের মধ্যে বৃষ্টির আভাস
  • ৩১ আগস্ট ২০২৬
সিটি ইউনিভার্সিটিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়া…
  • ৩১ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নকলে শীর্ষে যে তিন কলেজ
  • ৩১ আগস্ট ২০২৬
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম
  • ৩১ আগস্ট ২০২৬
স্কুল থেকে বেঞ্চ গেল গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!
  • ৩১ আগস্ট ২০২৬