আল শাহরিয়ার নাহিদ © সংগৃহীত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ২২ ব্যাচের শিক্ষার্থী আল শাহরিয়ার নাহিদ গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনসংকটে চিকিৎসাধীন। দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় তার পরিবার ও সহপাঠীরা সমাজের সবার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
জানা যায়, গত ২ মে ক্লাস চলাকালে হঠাৎ নাহিদ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে সহপাঠীরা তাকে দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি মেজর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে পরে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়।
নাহিদের ব্যাচমেট জনি জানান, রোগীর অবস্থা বর্তমানে গুরুতর এবং দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। তিনি বলেন, ‘ডাক্তাররা দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল।’
জানা গেছে, নাহিদের বাবা একজন মুদিদোকানি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে প্রায় ৫০ হাজার টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। তবে চিকিৎসা ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পুরো চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না হওয়ায় তারা সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
চিকিৎসা সহায়তার জন্য বিকাশ/নগদ (পার্সোনাল) নম্বর 01637277982, রকেট (পার্সোনাল) নম্বর 017952127679 এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হিসাব নম্বর 20501546700262202 প্রদান করা হয়েছে।
শিক্ষার্থীর দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার সহপাঠী ও বিভাগের শিক্ষার্থীরা।