শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফেরার পর সভা হবে বলে জানানো হয়েছিল। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত এ সভার তারিখ নির্ধারণ হয়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যে সভা হয়েছে, ওই সভার প্রেক্ষিতে আরেকটি সভা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দেশে ফিরেছেন। শিগগিরই বিষয়গুলো তাকে অবহিত করে সভার তারিখ নির্ধারণ করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বদলির ফল প্রকাশের পূর্বে কতগুলো সভা করতে হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কোন বিষয়গুলো পরিবর্তন করতে হবে, বা আদৌ কোনো কিছু পরিবর্তন হবে কিনা সে বিষয়গুলো এখনো নিশ্চিত না। সভার তারিখ এখনো নির্ধারণ হয়নি। কবে সভা হবে সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’
এদিকে বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তনের আভাস মিলেছে। নীতিমালা পরিবর্তনের পর নতুন করে আবেদন নেওয়ার পরামর্শও দিয়েছেন কেউ কেউ। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তবে নীতিমালার কোন কোন ধারায় পরিবর্তন হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
জানা গেছে, স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাদ্রাসায় কর্মরতদের বদলিতে হার্ডকপিতে আবেদন নেওয়া হয়েছে। আর কারিগরির আবেদনও সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়েছে। মাদ্রাসার আবেদন ম্যানুয়ালি নেওয়া হলেও ম্যানুয়ালি বদলির ফল প্রকাশ করা হবে না। মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যার তৈরি করতে না পারায় স্কুল-কলেজের জন্য তৈরিকৃত সফটওয়্যারের মাধ্যমেই তাদের বদলির ফল প্রকাশ করা হবে।
সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির আবেদন পৃথক পৃথক ভাবে নেওয়া হলেও তিন অধিদপ্তরের বদলি একই সফটওয়্যারে করা হবে। এক্ষেত্রে টেলিটকের তৈরিকৃত বদলি সফটওয়্যার ব্যবহার করা হবে। এজন্য টেলিটকের সঙ্গে আলোচনা করে সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধি করা হবে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তিন অধিদপ্তরের বদলি একই সফটওয়্যারে করার ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। ফলাফলও একই সফটওয়্যারের মাধ্যমে করা হবে। তবে এটি কীভাবে করা হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়টি চূড়ান্ত করা হবে।’