রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন © সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবদান ভেবে দেখার সময় এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, এই যে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও দিচ্ছি। এই এমপিওভুক্তিতে আমরা কতটুকু ফল পাচ্ছি। জাতীয় জীবনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কতটুকু পজিটিভ অবদান রাখতে পারছে। সে বিষয়গুলো ভেবে দেখার সময় এসেছে।
তিনি বলেন, আমরা যখন গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাই দেখবেন চমৎকার ও বড় বড় ভবন। তবে ভেতরে শিক্ষক নেই, এখন ছাত্রও পাওয়া যায় না। এজন্য আমি মনে করি, শিক্ষা ব্যবস্থাকে প্রয়োজনের জন্য চাহিদা মাফিক এবং সত্যিকার অর্থে অবদান রাখতে পারে সেই বিষয়গুলো মাথায় রাখা দরকার।
রাষ্ট্রপতি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থা এমনভাবে সাজাতে হবে— যাতে শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছেন, তা কার্যকর হয় এবং দেশ, মানুষ ও তাদের নিজেদের জীবনে কাজে লাগে। একইসাথে শিক্ষাব্যবস্থা থেকে যেন সত্যিকারার্থে প্রয়োজনীয় ও কার্যকর ফলাফল পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক।