দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে © বিবিসি বাংলা
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ তথ্য অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। তবে এ দামে স্বর্ণ কিনতে পারেন না গ্রাহকেরা। এর চেয়ে আরও অন্তত ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেশি দিতে হয় তাদের। এর পেছনে বেশ কিছু কারণ ও হিসাব রয়েছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে স্বর্ণের দাম ৮ দফা কমার পর দুদফা বেড়ে বুধবার (২৫ নভেম্বর) ফের কমেছে। এদিন বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকে এক ভরি সোনার দাম ২২ ক্যারেট ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। কিন্তু একটি স্বর্ণের চেইন বা অন্য গহনা কিনতে গেলে গুনতে হতে পারে ২ লাখ ৩০ হাজার টাকারও বেশি। কারণ এক ভরির দামের সাথে যোগ হবে অন্যান্য কিছুর খরচ।
এটিকে ব্যবসায়ীরা বলে থাকেন মজুরি। দেশের স্বর্ণের দাম নির্ধারণে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সে অনুযায়ী, স্বর্ণের দাম থেকে ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেবে। তবে আলাদা মজুরি থাকবে। তাতে কি কম দামে স্বর্ণ কিনতে পারবেন? এটা জানতে হলে আগে বুঝতে হবে, স্বর্ণের গহনার দাম বাংলাদেশে কীভাবে নির্ধারণ হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে স্বর্ণের যে রেট থাকে তার সাথে বাজুস নির্ধারিত মুনাফা ও মজুরি যুক্ত করেই গহনার দাম নির্ধারণ করা হয়। এ কারণে বিশ্ববাজারে স্বর্ণের যে দামের কথা শোনা যায়, তার সাথে বাংলাদেশের বাজারে স্বর্ণের গহনার দামে একটা পার্থক্য দেখা যায় বলে বাজুসের দাবি।
সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসে যে বাংলাদেশের স্বর্ণের দাম অনেক বেশি। বিদেশে দাম কম। বিদেশে আসলেই দেখা যায়, স্ক্রিনে দেখাচ্ছে দাম কম। আমাদের এখানে দাম বেশি। সবাই এটাকে একটা নেগেটিভ চোখে দেখা শুরু করছে।’
আরও খবর: সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সরকারি কর্মচারী-ঠাকুরগাঁও-নরসিংদীও!
তিনি বলেন, ‘আমরা দেখলাম যে ওই দেশ থেকে যে কিনে নিয়ে আসছে, ওখানে গোল্ডের দাম লেখা থাকে। আর সাথে আলাদাভাবে মজুরিটা চার্জ করে। তো গোল্ডের দাম কম কিন্তু মজুরিসহ যখন যোগ করা হয়, অলংকারের দামটা তো আমাদের কাছাকাছি পর্যায়ে পড়ে। বৈশ্বিক পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে যে না আমাদের আশেপাশে দক্ষিণ এশিয়া বিভিন্ন দেশ যে পদ্ধতিতে বিক্রি করে বা যে পদ্ধতিতে প্রফিট করে সেই পদ্ধতিতে আমাদেরকে যেতে হবে।’
যদিও সব গহনার মজুরি এক নয়। ডিজাইন, মেশিনে বা হাতে তৈরির মতো বিষয়গুলোর ওপর নির্ভর করবে মজুরির খরচ। কিন্তু বাজুসের এ সিদ্ধান্তের পর ক্রেতারা কোনো সুবিধা পাবেন না। যারা এ কাজটা করছে তারা তাদের লাভ ঠিক রেখে এটা করে। এখানে শুধু একটি প্রলোভন দেখানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরেকটি বিষয় হলো স্বর্ণের গহনার যে মজুরি, তা একেক ব্যবসায়ী একেক হারে নিয়ে থাকেন। এখন সেখানে কেমন পার্থক্য আসে সেটি দেখার পরই বোঝা যায় স্বর্ণের প্রকৃত অবস্থা।