নিট মুনাফা না হলে উৎসাহ বোনাস পাবেন না ব্যাংকের কর্মীরা

১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বেসরকারি ব্যাংকগুলোর উৎসাহ বোনাস প্রদানে কঠোর শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যাংক নির্ধারিত নিট মুনাফা অর্জন না করলে কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে না।

একই সঙ্গে মূলধন ঘাটতি, নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি বা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া বিলম্বিত ছাড় সুবিধা থাকলেও বোনাস দেওয়া যাবে না। ফলে বড় একটি অংশের ব্যাংকের উৎসাহ বোনাস বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা বিবেচনায় দেখা যাচ্ছে, মিথ্যা আয় দেখিয়ে অনেক ব্যাংক প্রণোদনা বা বোনাস দিচ্ছে, যা আর্থিক সুশাসন ও সুদক্ষ ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক শুধুমাত্র প্রকৃত আয়–ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই উৎসাহ বোনাস দিতে পারবে। পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো ধরনের বোনাস দেওয়া যাবে না। একই সঙ্গে রেগুলেটরি মূলধন বা নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলে বোনাস প্রদানের সুযোগ থাকবে না। এমনকি বিলম্বিত ছাড় সুবিধা থাকলেও তা মুনাফার হিসাবে যোগ করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, বোনাস দেওয়ার ক্ষেত্রে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং সূচকগুলোর বাস্তব উন্নতির প্রমাণ থাকতে হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে ২০২৫ সালের ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ইনসেনটিভ বোনাস নির্দেশিকা’ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।

খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে অনেক ব্যাংক বছর শেষ হওয়ার পরদিনই কর্মীদের উৎসাহ বোনাস দিয়ে থাকে। আবার কেউ কেউ বিভিন্ন ছাড় সুবিধা নিয়ে মুনাফা দেখিয়ে বোনাস প্রদান করে। নতুন নির্দেশনার ফলে এসব বোনাস বন্ধ হয়ে যেতে পারে। যেসব ব্যাংক বাস্তব আর্থিকভাবে ভালো করছে, কেবল সেসব প্রতিষ্ঠানের কর্মীরাই উৎসাহ বোনাস পাওয়ার সুযোগ পাবেন।

১৮তম বিজেএসে জজ হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬