© সংগৃহীত
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে অনশন পালন করা চার শিক্ষার্থী আগামী ২০ তারিখ পর্যন্ত অনশন স্থগিত করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এসে তাদের কাছে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকার করলে তারা অনশন স্থগিত করে। তবে এই ঘটনার কোন দৃশ্যমান অগ্রগতি না দেখলে আগামী ২০ তারিখ থেকে পুনরায় অনশনের ঘোষণা দেন তারা।
এসময় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ওই ছাত্রকে জুস ও পানি পান করিয়ে অনশন ভাঙান। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, সদস্য তিলোত্তমা শিকদার, রাকিবুল ইসলাম ঐতিহ্য প্রমুখ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন দর্শন বিভাগরে শিক্ষার্থী সিফাতুল ইসলাম। পরবর্তীতে তার সাথে যোগ দেন ইতিহাস বিভাগের ছাত্র আবদুর রহমান, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র সাইফুল ইসলাম এবং তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের মোস্তাফিজুর রহমান নাফিস।
অনশনকারী শিক্ষার্থীরা চারটি দাবিও তুলে ধরেন, তা হলো, ধর্ষককে অতিদ্রুততম সময়ে গ্রেফতার, অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়কে অভিভাবকের দায়িত্ব পালন, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
এ বিষয়ে সিফাতুল ইসলাম, উপাচার্য স্যারের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি ২০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছি। আমরা চাই, এসময়ের মধ্যে আমাদের দাবির বাস্তবায়ন হোক এবং ধর্ষণ প্রতিরোধে সমাজের সবাই এগিয়ে আসুক, সচেতন হোক।