স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি
ছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ডাকসু নেতারা। সোমবার রাতে পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে ৪ দফা দাবি পূরণের কথা বলেছেন ডাকসু নেতৃবৃন্দ। এর মধ্যে রয়েছে, ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ব্যবস্থা, 'কাউন্টার রেইপ এন্ড ভায়োলেন্স এগেইন্সট উইমেন সেল' গঠন এবং ধর্ষণবিরোধী সামাজিক আন্দোলনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক কর্মসূচী গ্রহণ করতে হবে।
স্মারকলিপি প্রসঙ্গে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফেসবুকে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। আমরা সুস্পষ্টভাবে ৪ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবিগুলো পূরণের মধ্য দিয়েই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করতে চাই।