রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন উদ্যোগে আবাসিক হলের গণরুমের শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। এসব রুমে মূলত বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা থাকেন। পহেলা রমজান মঙ্গলবার বিকালে তিনি বিভিন্ন আবাসিক হলের গণরুমে গিয়ে এসব খেজুর বিতরণ করেন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের গণরুমের ইফতারকে প্রাণবন্ত করতে মূলত তার এই উদ্যোগ। আর তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও হল ছাত্র সংসদের নেতারা। তবে কিছু জটিলতার কারণে মেয়েদের হলে খেজুর পাঠানো সম্ভব হয়নি। পরবর্তীতে মেয়েদের হলেও খেজুর পাঠানো হবে বলে তিনি আশ্বাস দেন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে আরও কাজ করার কথা জানান ডাকুসর এই নেতা।
এ বিষয়ে আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার কাজ করতে ভাল লাগে। রমজান উপলক্ষে কিছু একটা করার ইচ্ছে ছিল। আর খেজুর রমজানের একটা বড় অনুসঙ্গ, সেই ভাবনা থেকেই খেজুর বিতরণের উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর পর ডাকসু সচল হয়েছে। এর মাধ্যমে কাজের যখন কিছুটা সুযোগ পেলাম তখন করি-ই না কিছু। এই চিন্তা থেকে, আর সময়ের প্রয়োজনের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেয়া। রমজানের শুরুর দিকে কাজটা শুরু করাতে স্পন্সর বা সমাজের বিত্তবাননের কাছে পৌঁছতে পারিনি। তবে সামনে আরও সময় আছে, তখন বড় পরিসরে কিছু করার ইচ্ছে রয়েছে।