মানববন্ধনে শিক্ষার্থীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের মেধাবী শিক্ষার্থী মো. তাইফুর রহমান প্রতীককে আত্মহত্যায় প্রোরচনাদানকারী শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ৪টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানারে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা।
এর আগে গত ১৪ জানুয়ারি আত্মহত্যা করে প্রতীক। তার পরিবারের দাবি নিজ বিভাগের শিক্ষকদের প্রত্যক্ষ ও অশিক্ষকসূলভ আচরণ তাকে আত্মহত্যায় প্ররোচিত করে।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির সভাপতি সাইফুল্লাহ সাদেক, নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক, স্লোগান ৭১ এর সভাপতি কাজী সুজন মিয়া, নাট্য সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, প্রতিটি প্রাণই গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি শিক্ষকদের দ্বারা বৈষম্যের শিকার হয় তাহলে তারা আর কোথায় নিরাপদ বোধ করবে । তাই আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের যাকে আমরা আত্মহত্যা বলছি তার বিচার দাবি করছি।