প্রবাসী সলিম উল্লাহ দুলাল © সংগৃহীত
ইতালিতে একটি স্কুলের ভেতর থেকে এক প্রবাসী বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার নাম সলিম উল্লাহ দুলাল (৪৫)। বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর গ্রামে।
সোমবার দেশটির দ্বীপাঞ্চল সিসিলিয়ার পালেরমো এলাকায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় স্থানীয় অনলাইন পত্রিকা লাইভসিসিলিয়া।
প্রতিবেদনে বলা হয়, ওইদিন সকালে সিসিলিয়ার একটি রাইডিং স্কুলের পরিচালক তাদের প্রতিষ্ঠান খোলার পর এক যুবকের দেহ সেখানে পড়ে থাকতে দেখেন। জরুরি স্বাস্থ্যসেবা ১১৮-তে ফোন করলে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে এসে জানায় ওই যুবক গতরাতেই মারা গেছে।
তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। এ ঘটনার মূল কারণ ও এরসঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে স্থানীয় পুলিশ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে ওই স্কুলের পরিচালক জানান, তারা এর আগে ওই যুবককে কখনও এ এলাকায় দেখেননি। তবে স্কুলের একটু দূরে একটি মোটরসাইকেল রাখা ছিল। ধারণা করা হচ্ছে নিহত সলিম উল্লাহ ওই মোটরসাইকেলে করেই এখানে এসেছেন। এছাড়া তিনি কী কারণে এ রাইডিং স্কুল এরিয়াতে প্রবেশ করেছিলেন তা কেউ জানেন না।
পত্রিকাটি আরও জানায়, নিহত সলিম উল্লাহ দুলাল পালেরমোতে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।