প্রতীকী © সংগৃহীত
ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) কাজী মারুফ হোসেন সরদারের বাসভবনে দায়িত্বরত অবস্থায় মো. মেহেদী হাসান (২১) নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকার এসপির বাসভবনে এ ঘটনা ঘটে।
মেহেদীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে- কনস্টেবল মেহেদী হাসান তার নিজের কাছে থাকা অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত মেহেদী টাঙ্গাইলের ঘাটাইল থানার আনেহলা গ্রামের আব্দুল হানিফের ছেলে। তার কনস্টেবল নম্বর-১৩২৫।
গুলিবিদ্ধ মেহেদীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছালাম বলেন, মেহেদী ঢাকা জেলার এসপি স্যারের বাংলোয় ডিউটি করছিলেন। ডিউটিরত অবস্থায় বিকেল ৪টার দিকে তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে নিজের থুতনির নিচে গুলি চালান। গুলি তার মাথার উপরের দিক দিয়ে বের হয়ে গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জানান, বাংলোতে গার্ডের জন্য নির্ধারিত কক্ষে এ ঘটনা ঘটে।