মুনিয়ার সঙ্গে সায়েম সোবহান আনভীর © সংগৃহিত
রাজধানীর গুলশান থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে করা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনের শুনানি আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে হাইকোর্টে অনির্দিষ্টকালের জন্য আগাম জামিন শুনানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
কোর্ট সূত্র জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন শুনানি বন্ধ থাকবে।
আদালতের শুরুতেই বিচারপতি মামনুন রহমান বলেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনও আগাম জামিন শুনবো না। যেগুলো কজলিস্টে আগাম জামিনের শুনানির জন্য রাখা হয়েছিল সেটা অনভিপ্রেত। সেগুলো ডিলিট করে দেওয়া হবে।’
এর আগে বুধবার (২৮ এপ্রিল) এ ঘটনায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সায়েম সোবহান আনভীর। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ১৪ নম্বর ক্রমিকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনটি শুনানি হওয়ার কথা ছিল। জামিন আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আব্দুল বাসেত মজুমদারের শুনানি করার কথা ছিল।
গত সোমবার রাজধানীর গুলশান-২ এর ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামী করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।
অভিযোগে বলা হয়েছে, আনভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। এক লাখ টাকা ভাড়ার বিনিময়ে মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিলেন তিনি। আনভীর ওই বাসায় যাতায়াত করতেন, থাকতেন স্বামী-স্ত্রীর মতো।
মুনিয়ার বোনের অভিযোগ, বিয়ের কথা বলে ফ্ল্যাটে রেখেছিল মুনিয়াকে। ছবি ফেসবুকে দেওয়াকে কেন্দ্র করে আনভীর তার বোনের ওপর ক্ষিপ্ত হন। মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।