দৈনিক সংগ্রাম সম্পাদকের জামিন স্থগিত

২৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৯ PM
দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন স্থগিত

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন স্থগিত © টিডিসি ফটো

রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল সিকিউরিটি আইনের (আইসিটি) মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে দেওয়া হাইকোর্টের জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. নুরুজ্জামানের চেম্বার আদালত এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেন হাইকোর্ট। তার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. এমদাদুল হক ও মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকর মাহবুব হোসেন ও মোহাম্মদ শিশির মনির।

প্রসঙ্গত, একাত্তরের মানবতা‌বি‌রোধী অপরা‌ধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে ২০১৯ সালের ১২ ডি‌সেম্বর দৈনিক সংগ্রা‌মের প্রতি‌বেদ‌নে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলা দায়ের করেন।

কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে ২০১৯ সালের ১৩ ডিসেম্বর বিকাল থেকে রাজধানীর হাতিরঝিলে দৈনিক সংগ্রাম কার্যালয়ের ব্যাপক ভাঙচুর চালানোর পরে এর সামনে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। ওইদিন সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।

এ সময় তারা পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং সম্পাদককে গ্রেফতারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান। এ অবস্থায় সেদিন সন্ধ্যা সাতটার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। পরে আদালতে হাজিরের পর তাকে তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

এরপর ২০১৯ সালের ১৮ ডি‌সেম্বর রিমান্ড শেষে আবুল আসাদ‌কে ঢাকার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট বাকী বিল্লাহ’র আদাল‌তে হা‌জির ক‌রা হয়। শুনা‌নি শে‌ষে বিচারক তার জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে তা‌কে কারাগা‌রে পাঠা‌নোর আদেশ দেন। এরপর সংগ্রাম সম্পাদক হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন।

নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সপ্তম শ্রেণির ছাত্রীকে ছাত্রদল নেতাকর্মীদের সংঘবদ্ধ ধর্ষণ, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘সন্ত্রাসীদের পুনর্বাসন করে তারা কেন্দ্র দখলের পরিকল্পনা কর…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬