© প্রতিকী ছবি
কিশোরগন্জ উপজেলার করিমগঞ্জে পুকুরের মাছ চুরিতে বাঁধা দেয়ায় একসাথে দুইজন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আজ বুধবার (৬ মে) এক বিবৃতিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া হলে এ মহাদুর্যোগের মধ্যেও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন জাহান রেবা ও তার স্বামী নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইদুজ্জামাকে এলাকার একদল সন্ত্রাসী গতকাল ৫ মে বেলা ৩টার সময় অতর্কিত হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে।
তারা এখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে নাসরিন জাহান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার মহিলা সম্পাদিকা।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীরা ওই শিক্ষকের নিজস্ব পুকুর থেকে জোর করে মাছ ধরে নেয়ার চেষ্টা করছিল। মাছ ধরতে নিষেধ করায় এবং তাদেরকে বাধা দিলে সন্ত্রাসীরা শিক্ষকদের উপর হামলা চালায়। ওই শিক্ষক অতিশয় নিরীহ হওয়ায় এর আগেও তারা জোর করে মাছ ধরে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক মোঃআবুল কাসেম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে এ মহাদূর্যোগপূর্ণ পরিস্থিতিতে তারা মাঠে নামতে বাধ্য হবেন। একের পর এক শিক্ষকের উপর অন্যায়ভাবে সারাদেশে যেভাবে নির্যাতন চলছে, তা তাদের কাছে এখন চরম অসহনীয় উঠছে বলে তিনি উল্লেখ করেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি।