© সংগৃহীত
বিধবা মা অমৃতবালা দাসকে (৯০) করোনা রোগী অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছেন তার ছেলেরা। সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে েএ ঘটনা ঘটেছে।
তিনি নিয়ামতপুর গ্রামের মৃত অক্ষয় দাসের স্ত্রী। গত ১২ এপ্রিল ওই নারীকে গ্রামছাড়া করে তার দুই ছেলে যোগেশ দাস ও রণধীর দাস। এরপর থেকে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
অমৃতবালা দাস জানান, ‘ঢাকা থেকে কে আসছে। এরা বলে আমি এদের বাড়িত গেছি। এ কারণে করোনা বলে আমারে বাহির করে দিয়েছে।’
জানা গেছে, ওই গ্রামে সম্প্রতি পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামে আসেন অমরচাঁদ দাস। তারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ১২ এপ্রিল গুজব ছড়ায় ওই নারী তাদের বাড়িতে চা পান করেছেন। তারপর তার ছেলে ও প্রতিবেশীরা তাকে গ্রাম ছাড়া করে।
এমন ঘটনা ঘটাতে নিষেধ করলেও মহিলা মেম্বার জ্যোৎস্না রাণী দাসের কথা শোনেনি তার ছেলেরা। পরে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ওই নারী ওয়ার্ড সদস্য সুব্রত সরকারের কাছে যান। কিন্তু তাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।’
এ ব্যাপারে সুব্রত সরকার বলেন, ‘ঘটনাটি অমানবিক। আমি খোঁজ নিয়ে দেখছি।’ অবশ্য সামাজিক ও প্রশাসনিক চাপে ছেলেরা অবশেষে মায়ের দায়িত্ব নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি। তার কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো হবে।