© টিডিসি ফটো
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুরে নিহত ছাত্রলীগ নেতা রাকিবের (২৫) দ্বিতীয় জানাযা তার নিজ বাসভবনে সম্পন্ন হয়েছে। রাকিবকে শেষবারের মত শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে এলাকাবাসী সকাল থেকে তার বাড়ীতে উপস্থিত হন।
রাকিবের দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন নোয়াখালী সদর-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী বেগমগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ এ. বি এম জাফর উল্ল্যাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ছাত্রলীগের সহ-সভাপতি জিহান আল রাফি এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এসময় খুনিদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবী করেন জানাজায় অংশ নেয়া নেতারা। এর আগে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ছাত্রলীগ নেতা রাকিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় জানাযায় অংশ নেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। জানাযা শেষে মরহুমের শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ, গত রবিবার (১ মার্চ) আমান উল্যাহ্পুর বাজারে রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী স্থানীয় একটি চায়ের দোকানে এসে এলোপাতাড়ি গুলি করে। আতঙ্কগ্রস্ত হয়ে উপস্তিত লোকজন চারিদিক ছুটোছুটি করে।
এরমধ্যে সন্ত্রাসীদের কয়েকজন দোকানে ঢুকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের কর্মীদের। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব নামের ওই ছাত্রলীগ নেতা নিহত হন।