শিক্ষিকা দিয়ার মৃত্যু, তিন চিকিৎসক কারাগারে

০২ জানুয়ারি ২০২০, ০৯:০০ AM

© সংগৃহীত

স্কুল শিক্ষিকা নওশিন আহমেদ দিয়ার মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে দায়েরকৃত মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত চিকিৎসক ডিউক চৌধুরী সহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ডিউক চৌধুরী সেখানকার পৌর এলাকায় অবস্থিত মুন্সেফপাড়ার খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক।

চিকিৎসক ডিউক চৌধুরী এবং হাসপাতালের দুই চিকিৎসক ও মামলার আসামি অরুনেশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেল বুধবার (০১ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন শেষে গত ১৮ ডিসেম্বর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ডা. ডিউক ও অপর দুই চিকিৎসক। তখন অবকাশকালীন বিচারক মো. হাসানুল ইসলাম অধিকতর শুনানির জন্য ১ জানুয়ারি ধার্য করেন।

বুধবার সকালে ওই তিন চিকিৎসক আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। দুই দফায় জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরেকেকারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত জানান, ‘অধিকতর শুনানি শেষ বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ আসামি পক্ষের আইনজীবী শাহ পরান বলেন, ‘আমরা ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে যাবো।’

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর প্রসব বেদনা নিয়ে শহরের পৌর এলাকার ক্রিসেন্ট কিন্ডার গার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহমেদ দিয়া খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে আগাম প্রসবের ব্যবস্থা করা হয় তার। অস্ত্রোপচারের মাধ্যমে দিয়া একটি কন্যা সন্তানের জন্ম দেন।

কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয় দিয়াকে। পরবর্তীতে ৪ নভেম্বর ভোরে দিয়ার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলে আবারও খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। তখন ডিউক চৌধুরী, অরুনেশ্বর পাল অভি ও মো: শাহাদাত হোসেন রাসেল ‘ভুল ইনজেকশন এবং ওষুধ’ প্রয়োগ করার পর দিয়া অজ্ঞান হয়ে যান বলে অভিযোগ ওঠে।

পরে তার স্বজনরা মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাকতে বললে ডিউক ও বাকি দুই চিকিৎসক চুপ থাকেন। একপর্যায়ে দিয়ার মৃত্যু হলেও মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। পরে অ্যাম্বুলেন্সে করে দিয়াকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে পৌঁছানোর পর সেখানে কয়েক ঘণ্টা আগেই দিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর দিয়ার পিতা শিহাব আহমেদ গেন্দু বাদী হয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে  ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬