অমল কুমার বিশ্বাস
অবৈধভাবে ৬০ লাখ টাকার সম্পদ অর্জনের দায়ে যশোর শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক ও বর্তমানে যশোর সরকারি সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক অমল কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার যশোর দুদক সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম মোড়ল মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে মামলাটি যশোর জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম গ্রহণ করেন। অধ্যাপক অমল কুমার বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার কংশারীপুর গ্রামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অমল কুমার বিশ্বাস তাঁর কর্মজীবনের ভিত্তি অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত পারিবারিক, চিকিৎসা, শিক্ষা ও বিদেশ ভ্রমণ খাতে মোট ব্যয় করেছেন ৫৮ লাখ ৪৫ হাজার ৯৮১ টাকা। তাঁর স্ত্রী বীথিকা শিকদার একজন গৃহিণী। সে হিসাবে খরচসহ অমল কুমার বিশ্বাসের আয় দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৪২৫ টাকা। কিন্তু তাঁর বৈধ আয়ের পরিমাণ ১ কোটি ৬৭ লাখ ২১ হাজার ২৭৯ টাকা। হিসাব অনুযায়ী, তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০ লাখ ৩৬ হাজার ১৪৬ টাকা।
সুতরাং অধ্যাপক অমল বিশ্বাসের জ্ঞাত আয়ের সঙ্গে ৬০ লাখ ৩৬ হাজার ১৪৬ টাকার আয়ের অসংগতি রয়েছে; যা তিনি তাঁর স্ত্রীর মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করেন এবং তা ভোগদখলে রেখেছেন। দুর্নীতি দমন কমিশন আইনে তিনি অপরাধ করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।