পূবাইল থানা © সংগৃহীত
গাজীপুর মহানগরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় রেললাইনে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রফিকুল ইসলাম (২৮) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেলে পূবাইলের হায়দরাবাদ এলাকার মাউরারটেক সংলগ্ন ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার (১৮) নওগাঁর মান্দা থানার মৌনম এলাকার আবুল হোসেনের মেয়ে। তিনি বাবা-মায়ের সঙ্গে গাজীপুর মহানগরের খাইলকৈর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
আটক রফিকুল ইসলাম নওগাঁ জেলার মান্দা থানার ডাংগা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর দেশে ফেরেন।
নিহতের বাবা আবুল হোসেনের দাবি, প্রায় সাড়ে তিন বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে রফিকুলের সঙ্গে আসমার বিয়ে হয়। তার ভাষ্য, আসমার নানা জোর করে ওই বিয়ে দিয়েছিলেন। সম্প্রতি রফিকুল দেশে ফেরার পর পারিবারিক কলহের জেরে প্রায় ২০ দিন আগে আসমা তাকে তালাক দেন।
আবুল হোসেন আরও বলেন, তিন দিন আগে রফিকুল কয়েকজনকে সঙ্গে নিয়ে আসমাকে বাবার বাড়ি থেকে নিয়ে যেতে চান। তবে আসমা তার সঙ্গে যেতে রাজি হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মোবাইল ফোনে আসমাকে হায়দরাবাদ রেললাইন এলাকায় দেখা করতে বলেন রফিকুল। সেখানে যাওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে আসমার গলায় আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আসমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ওসি আতিকুর রহমান বলেন, স্থানীয়রা রফিকুলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। ঘটনাস্থল রেললাইনের সীমানায় হওয়ায় আইনগত প্রক্রিয়ার জন্য তাকে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নূর আলম বলেন, রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।