পরিবারের ৫ সদস্য গ্রেপ্তার © সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে বাসাবাড়িতে চুরির অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণের হাতের বালা, রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাসলিমা আক্তার তাসু (২৩), রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর কক্সবাজারে একটি ভাড়া বাসায় তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার নূপুর, ব্রেসলেট, থ্রি-পিস ও শাড়িসহ প্রায় ৪ লাখ ৬২ হাজার ২০০ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে ১৪ নভেম্বর মামলাটি রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন।
অভিযানে গ্রেপ্তার রিনা বেগম ও জামালের দেখানো মতে তাদের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার করা হয়। তাসলিমা আক্তার তাসুর পায়ে পরিহিত অবস্থায় এক জোড়া রুপার নূপুর, তানিয়া আক্তার সাথীর কক্ষ থেকে একটি রুপার নূপুর ও নগদ ৮০ হাজার টাকা এবং মোহাম্মদ ছাব্বিরের কক্ষের ওয়ারড্রোব থেকে ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার চোর বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে বাসাবাড়িতে চুরি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনার বিরুদ্ধে নগরীর পাহাড়তলী ও ডবলমুরিং থানায় চুরি-সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।