টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয় ভাঙচুর © সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। একই রাতে বর্ণি বাজারেও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি না, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।