অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার © সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছ, জুতা, খেলনা ও ফার্নিচারসহ বিভিন্ন পণ্য বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার ভওয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, বায়োমেট্রিক সিমকার্ড ও বিভিন্ন ডিজিটাল আলামত উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মুশকুর রহমান জানান, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Sneakers Hub BD’সহ বিভিন্ন ভুয়া পেজ খুলে বাজারমূল্যের চেয়ে কম দামে ব্র্যান্ডের পণ্য সরবরাহের বিজ্ঞাপন দিত। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অনেকে অগ্রিম টাকা পাঠানোর পর প্রতারিত হন।
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী রিয়াজ পারভেজ ওই চক্রের একটি পেজে জুতার বিজ্ঞাপন দেখে অর্ডার করেন। পরে বিভিন্ন কৌশলে তাঁর কাছ থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে এক জোড়া জুতার বিপরীতে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। টাকা নেওয়ার পর তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।
পরে ভুক্তভোগী শিক্ষার্থী ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটির অবস্থান শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় গত ২৫ জুলাই মহেশপুর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়।
পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ইলিশ মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কথা বলে দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
পুলিশ অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অস্বাভাবিক কম দাম বা অতিরিক্ত ছাড়ের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা পেজকে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিক্রেতার পরিচয় ও পণ্যের সত্যতা নিশ্চিত না হয়ে অগ্রিম টাকা না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সাইবার পুলিশকে জানানোরও অনুরোধ করা হয়েছে।