দেশের তিনটি সরকারি কলেজের শিক্ষকদের কাছে ফোন করে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) নাম করে এই চাঁদা দাবি করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদী সরকারি কলেজ, যশোর মহিলা কলেজ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের বেশ কিছু শিক্ষককে বৃহস্পতিবার থেকে বিভিন্ন নাম্বার দিয়ে ‘হাতকাটা বিপ্লব’ পরিচয়ে একজন কল করে নিজেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার হিসেবে পরিচয় দেন। এরপর শিক্ষকদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন ওই ব্যক্তি।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রওশন আলী বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আমার কাছে ০১৯৩৪৫০২৯০৪ নাম্বার থেকে কল আসে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার মহিউদ্দিন পোদ্দার পরিচয় দিয়ে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয়।
তিনি আরও বলেন, বিষয়টি আমার কলেজের অন্য শিক্ষকদের কাছে বললে তারা জানান এই একই নাম্বার থেকে আরও ১০-১২ জন শিক্ষককে কল করে হুমকি দেয়া হয়েছে। পরে আমি কুষ্টিয়া সদর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি।
একই কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শুক্রবার সকালে ফোন করে সর্বহারা পরিচয়ে আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে বলেও জানায়। ঘটনার পর আমি কুষ্টিয়া সদর থানা এবং ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।