যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইচেষ্টা, অস্ত্রসহ তিন সদস্য গ্রেপ্তার

২৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ PM
গ্রেপ্তার তিনজন

গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবেশে ইজিবাইক ভাড়া করে চালককে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার পুইশুর ইউনিয়নের দেবাশুর পটুর বাজার এলাকায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার মোল্লাদী পশ্চিমপাড়া গ্রামের সুজন শেখ (২৭), গোপালগঞ্জ সদর উপজেলার চর কলপুর গ্রামের বায়জিদ শেখ (২৩) ও মাদারীপুরের রাজৈর উপজেলার গজারিয়া গ্রামের রাজিব শেখ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াশুর বাজার থেকে ওড়াকান্দির চিত্ত ঠাকুর কবিরাজ বাড়িতে যাওয়ার জন্য একটি ইজিবাইক ভাড়া করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ফেরার পথে দেবাশুর এলাকার একটি নির্জন স্থানে পৌঁছে প্রস্রাব করার অজুহাতে ইজিবাইক থামাতে বলেন। চালক গাড়ি থামানো মাত্র তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালান।

এ সময় চালক সুবীর বিশ্বাস চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তিনজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং রামদিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় ইজিবাইক চালক সুবীর বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোল্যা আফজাল হোসেন বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে শোকজ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ হেফাজতে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী
  • ২০ সেপ্টেম্বর ২০২৬