রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে হাউমাউ করে কান্নার শব্দ ভেসে আসলো কানে। এগিয়ে গিয়ে দেখা গেল মধ্যবয়সী একজন লোক কান্না করতে করতে বলছে আমার ভাইয়ের খোঁজ দেন আপনারা। আমার ভাই কি বেঁচে আছে না মেরে ফেলছে অন্তত সেটা আমাদের জানান।
শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে মিরপুর-১ এর নিখোঁজ ব্যবসায়ী ইসমাইল হোসেনের (৬০) সন্ধানের দাবীতে সংবাদ সম্মেলন করেন ইসমাইলের পরিবারের সদস্যরা। সাংবাদিক সম্মেলনে হাউমাউ করে কান্না করা ব্যক্তিটি নিখোঁজ ইসমাইল হোসেনের ছোট ভাই খাইরুল আলম। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ভাইয়ের নিখোঁজ হওয়ার এক মাস পার হয়ে গেলেও তার কোন খোঁজ দিতে পারছেনা পুলিশ। আমার ভাই কি বেঁচে আছে? জীবিত না থাকলে আমাদের অন্তত তার লাশটা দিন।
.png)
তিনি আরও বলেন, প্রায় ৩৫ বছর আগে কিশোরগঞ্জের বাজিতপুর কাকরাই গ্রামের জাগদল (বিএনপি) নেতা ফয়েজ আহমেদ মিন্টু খুন হন। তার ছেলে রাসেল আহাম্মেদ (বর্তমান র্যাব কর্মকর্তা) সেই খুনের জন্য আমার ভাইকে সন্দেহ করে আসছিল। যদিও আদালতে আমার ভাই নির্দোশ প্রমাণিত হয়ে খালাস পায়। তারপরও রাসেল আমার ভাইকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার ভাইকে পূর্ব শত্রুতার জেরে গুম করা হয়েছে বলে আমার ধারণা।
ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান স্মৃতি বলেন, গত ১৯ জুন দুপুর ৩ টায় আমার স্বামী আমাকে কল দিয়ে বলে আমি খেতে আসছি। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে ২০ জুন আমরা মিরপুর শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু এক মাস পার হয়ে গেলেও পুলিশ আমার স্বামীর কোন খোঁজ দিতে পারেনি।
.png)
তিনি আরও বলেন, আমার এক মেয়ে এক ছেলে। ছোট ছেলে ইনাম রাতে ঘুমায় না। সে বলে মা জেগে থাকো বাবা আসবে। আমার এই সন্তানদের নিয়ে আমি এখন কোথায় যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ আমার স্বামীর খোঁজ দিন।
নিখোঁজ ইসমাইল হোসেনের মেয়ে ঈশিতা বলেন, গত এক মাস হল বাবা বাড়িতে আসেনি। বাবাকে ছাড়া আমার একটুও ভাল লাগেনা। বাবা ছাড়া আমাদের দেখার কেউ নেই। আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। অপনারা আমার বাবাকে খুঁজতে সাহায্য করুন।
মিরপুর শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, র্যাব কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগটি সঠিক নয়। আমরা অভিযোগের বিষয়ে র্যাব কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। তিনি বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া তদন্ত করেও তার বিরুদ্ধে কোন কিছু পাওয়া যায়নি। আমরা নিখোঁজ ইসমাইল হোসেনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি।