ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনির পর দুজনকে পুলিশে সোপর্দ

১৭ মার্চ ২০২৬, ১১:৩১ AM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ১১:৩১ AM
আটক দুজন

আটক দুজন © সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ভুয়া সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় সংলগ্ন চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) ও একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত কয়েকজন যুবক ওই এলাকায় এক নারীর গতিরোধ করে তার কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ধাওয়া দিয়ে দুই ভুয়া সদস্যকে আটক করা হলেও তাদের আরও চার সহযোগী পালিয়ে যায়।

আটকের পর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেটসহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চার সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুয়া ডিবি পরিচয়ে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ব্যক্তিগত তথ্য বা মূল্যবান সামগ্রী না দেওয়ার আহ্বান জানিয়েছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬