ভোট চাওয়ার নাম করে ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ AM
 ঝিনাইদহ ম্যাপ

ঝিনাইদহ ম্যাপ © সংগৃহীত

ভোট চাওয়ার নাম করে ঝিনাইদহে এক সার ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের বাড়িবাথান গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সার ব্যবসায়ী রওশন আলী ওই গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।

ভুক্তভোগী রওশন আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে ৫ থেকে ৬ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল মোটরসাইকেলযোগে তার বাড়িতে আসে। তারা ভোট চাওয়ার কথা বলে বাড়ির ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাতরা তার বৃদ্ধ মা নাজমা খাতুন (৫৬), স্ত্রী রিনা খাতুন (২৮), সাত বছর বয়সী ছেলে আব্দুস সালাম ও তিন বছর বয়সী ছেলে আব্দুস নুরের হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে রাখে।

পরে ডাকাতরা ঘরে থাকা নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোনসহ মোট প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়ির মালিক রওশন আলী বাড়িতে উপস্থিত ছিলেন না। পরে তিনি রাতে বাড়িতে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় হাত-পা বাঁধা অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করেন।

রওশন আলীর প্রতিবেশী কৃষক রবিউল ইসলাম জানান, ধানের শীষের ভোট চাওয়ার নাম করে ডাকাতরা বাড়িতে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে। ভোটের সময় এমন অভিনব কায়দায় ডাকাতির ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় গৃহকর্তা রওশন আলী ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। ভোট চাওয়ার নাম করে কতিপয় ব্যক্তি ওই বাড়িতে প্রবেশ করেছিল—বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬