গৃহকর্মীকে নির্যাতন: বাংলাদেশ বিমানের এমডিসহ চারজন গ্রেপ্তার

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায়ে মামলার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান ও তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিকুর রহমান (৬৬), তার স্ত্রী বিথী (৩৭) এবং তাদের কাজের মহিলা সুফিয়া (৫৫) ও রুপালি (৩৫)।

গণমাধ্যমে উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, গোলাম মোস্তফা নামে এক হোটেল কর্মচারী তার আর্থিক দুরবস্থার কারণে তার একমাত্র কন্যা (১১)-কে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি বাসায় শিশু দেখাশোনার কাজে রাখেন। ওই বাসার মালিক বিথী ও তার স্বামী শফিকুর রহমান ভবিষ্যতে শিশুটির ভরণপোষণ ও বিবাহের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

এমন আশ্বাসের ভিত্তিতে ২০২৫ সালের জুন মাসে তিনি তার মেয়েকে তাদের হেফাজতে রেখে যান। প্রথমদিকে গোলাম মোস্তফা নিয়মিত মেয়ের সঙ্গে দেখা করলেও ২০২৫ সালের নভেম্বরের পর থেকে বিভিন্ন অজুহাতে তাকে মেয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না।

গত শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে বিথী ফোন করে জানায় যে, শিশুটি অসুস্থ এবং তাকে নিয়ে যেতে হবে। ওই দিন সন্ধ্যায় শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করা হলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও দগদগে পোড়া চিহ্ন দেখা যায়। শিশুটি স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিল না। আঘাতের কারণ জানতে চাইলে অভিযুক্তরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি।

পরবর্তীতে শিশুটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে ভর্তি করা হয়। চিকিৎসাকালে শিশুটি জানায়, ২০২৫ সালের ২ নভেম্বরের পর থেকে বিথী, শফিকুর রহমান এবং আরও দুইজন কাজের মহিলা বিভিন্ন সময়ে তাকে মারধর করে এবং রান্নার কাজে ব্যবহৃত গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়।

সূত্র জানায়, এ ঘটনায় ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে অভিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও শফিকুর রহমান এবং তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেপ্তার করে।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী এনডিসির পক্ষ থেকে আহত শিশুটির চিকিৎসায় তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬