পুলিশের সাথে আটককৃত শিক্ষক © সংগৃহীত
ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের নাম এনামুল হক। তিনি বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
স্কুল ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার কোতয়ালী মডেল থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। জানা যায়, তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হতে পারে। এদিকে তার অপরাধ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে ছাত্রীদের সাথে অশালীন আচরণের বিষয়টি ৪/৫ জন শিক্ষার্থী প্রধান শিক্ষকের নিকট জানালে তিনি সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগমকে জানাতে বলেন। নাজমা বেগম অভিযোগ লিখিত আকারে চান ছাত্রীদের নিকট। এরপর লিখিত আবেদন দেয়া হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গণিতের শিক্ষক এনামুলকে সোমবার বিদ্যালয় থেকে আটক করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম ফখরুজ্জামান বলেন, ঘটনার বিষয়টি একটি তদন্ত কমিটি হয়েছে। তদন্তে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, ঐ শিক্ষকের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, সরকার বিনামূল্যে বই বিতরণ ও নারী শিক্ষায় নানান সুযোগ-সুবিধা ঘোষণা করলেও এ বিদ্যালয়ে তাদের মেয়েদের পড়াতে ব্যয় হয় মোটা অংকের টাকা। ম্যানেজিং কমিটির নামে প্রত্যেকের কাছ থেকে নানান ভাউচার দেখিয়ে এ টাকা আদায় করা হলেও শিক্ষার মান বাড়ছে না। ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের কোচিংসহ নানান খরচ যোগাতে তাদের হিমশিম খেতে হয়। এসবের উপর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এসব তো মানা যায় না বলে জানান তারা।
তবে অভিযুক্ত এনামুল জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। সব কিছু সহকর্মীদের চক্রান্ত বলে দাবী করেন তিনি।
ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে বরিশাল হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ের গণিতের শিক্ষককে আটক করে পুলিশ।